টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে বাবাকে খুন করল ছেলে 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: টাকা না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে বাবাকে খুন করল ছেলে। ঘটনায় গ্রেফতার ছেলে ও মা। পুলিশের কাছে সেই ঘটনা স্বীকার করেছে ছেলে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ২ নং জামনা অঞ্চলের সাতই গ্রামের ঘটনা। মৃতের নাম দেবেন বোংরা। ছেলে শামু বোংরা ও মা লক্ষ্মী বোংরাকে বুধবার রাতে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ।

ঘটনার সুত্রপাত টাকা নিয়ে। বুধবার পিংলার একটি ব্যাঙ্ক থেকে বার্ধক্য ভাতার এক হাজার টাকা তুলে নিয়ে যায় দেবেন বোংরা। তারপর রাতে ছেলেকে দেয় ২০ টাকা, আর বৌকে দেয় ৫০ টাকা। কম টাকা দেওয়াতে দু’জনেই ক্ষিপ্ত হয়ে যায়। তিন জনই তখন ছিল নেশাগ্রস্ত। তারপর স্ত্রী ও ছেলে দেবেনের কাছে  টাকা ছাড়াতে গেলে বাড়ির দেওয়ালে মাথা ফাটে দেবেনের। তারপর তার গলা গামছার ফাঁস দিয়ে আটকে ধরে। এর ফলে মৃত্যু হয় দেবেন বোংরার। এই খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে আসে এবং মা ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। দেহ বৃহস্পতিবার ময়না তদন্তে পাঠিয়েছে পিংলা থানার পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত মা ও ছেলেকে মেদিনীপুর আদালতে তোলা হয়। এই ঘটনায় মা লক্ষ্মী বোংরা বলেন, আমি রান্না ঘরে ছিলাম। খুনের সময় ঘটনাস্থলে ছিলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *