গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৩ ফেব্রুয়ারি: শাশুড়ির গলায় ব্লেড চালিয়ে আটক হলো জামাই। রক্তাক্ত জখম হওয়া মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহত মহিলার নাম ভারতী মুরমু। ঘটনাটি ঘটে আরামবাগের রঘুনাথপুর গ্রামে।
জানাগেছে, অভিযুক্তর নাম মেঘনাথ মালিক। বাড়ি আরামবাগের কাষ্টদহি গ্রামে। মেঘনাথের স্ত্রী তার সাথে ঝগড়া করে কয়েকদিন আগে আরামবাগের রঘুনাথপুর নিজের বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়ি থেকে আবারো পালিয়ে যায় মেঘনাথের স্ত্রী। এই খবর পেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিল মেঘনাথ। স্ত্রী কোথায় পালিয়ে গেছে প্রশ্ন তুলে শাশুড়ির সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়। দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। ওই সময় পকেট থেকে ব্লেড বের করে শাশুড়ির গলায় চালিয়ে দেয় মেঘনাথ।
রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকে শাশুড়ি। তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। ওই সময় মেঘনাথ ছুটে পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসীরা তাকে আটক করে রেখে পুলিশের হাতে তুলে দেয়। আক্রান্ত মহিলাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

