স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ ডিসেম্বর: দ্বিতীয়বার বিয়ে করার অপরাধে ধারালো অস্ত্রের কোপে শ্বশুরের হাতে খুন হল জামাই। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার কালীগঞ্জ পুরাতন বাজার এলাকায়। মৃত যুবকের নাম মিঠুন রাজুয়ার, বয়স ২৭ বছর। পেশায় গাড়ির চালক।

সূত্রে জানা যায়, মিঠুন রাজোয়ার দীর্ঘদিন আগে প্রথম বিয়ে করেছিল। কিন্তু তারপর স্ত্রী থাকা সত্বেও আবার প্রতিবেশী এক মহিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর তারা অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করে বলে জানা যায়। কিছু দিন আগে দুজনেই বাড়ি ফিরে আসে। সোমবার দুপুরে এলাকারই এক মদের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল ওই যুবক, তখনই দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাবা মনোরঞ্জন সরকার তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। মিঠুন রাজোয়ারকে কালীগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ।


