সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ মার্চ: স্বামীর সঙ্গে বাড়ি যেতে অস্বীকার করায় শাশুড়ি ও স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার জয়গাছি এলাকায়। শাশুড়ির অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ অভিযুক্ত জামাই বাদশা সর্দারকে গ্রেফতার করে। আহত স্ত্রী মধুবালা সর্দার ও শাশুড়ি হুন্ডি সর্দার আশঙ্কা জনক অবস্থায় হাবড়া হাসপাতালে ভর্তি।

স্থানীয় সূত্রের খবর, মদ্যপ স্বামীর অত্যাচারে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাপের বাড়ি থাকেন মধুবালা সর্দার।এদিন রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি যান বাদশা। মধুবালা তাঁর সঙ্গে যেতে অস্বীকার করেন। এরপর শুরু হয় বচসা, পরে হাতাহাতি। শাশুড়ি হুন্ডি সর্দার বাধা দিতে গেলে বাদশা ধারালো ছুরি বার করে এলোপাথাড়ি কোপ দেয়। মধুবালার বুকে, মুখে ও হাতে কোপ লাগে। অন্যদিকে শাশুড়ির মাথায় ও পিঠে কোপ মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আহত দুইজনকে হাবড়া হাসপাতালে ভর্তি করে। রাতেই পরিবারের পক্ষ থেকে জামাই বাদশার বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে বাদশাকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার বারাসত আদালতে তোলা হয়।

