সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জুলাই: মাকে খুন করার অভিযোগে ছেলে বৌমা সহ এক কিলারকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার দ্বীনবন্ধুনগর এলাকায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ধৃতদের দীনবন্ধু নগরের রামকৃষ্ণ পল্লী এবং চড়কতলা থেকে গ্রেফতার করেছে। দাদা গোপাল দের অভিযোগের ভিত্তিতে ছোট ভাই রঞ্জিত দে ও তাঁর স্ত্রী নুপুর দে এবং প্রতিবেশী গোপাল শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গত বুধবার বনগাঁর নতুন গ্রামের মাঝেরপাড়া এলাকায় পাট ক্ষেতের মধ্যে থেকে সীমা দে নামে আটান্ন বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় মৃত সীমাদেবীর বড় ছেলে গোপাল দে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৃতার বড় ছেলে গোপাল দের অভিযোগের ভিত্তিতে তাঁর ছোট ভাই রঞ্জিত দে ওরফে সহদেব, নুপুর দে এবং গোপাল শীলকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

মৃত সীমাদেবীর বড় ছেলে গোপাল দে ও মেয়ে নুপুর শীলের অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার নাম করে সীমাদেবী বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। সীমাদেবীর বড় মেয়ে সেই রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বনগাঁ থানায় মিসিং ডাইরি করেন। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি পাট ক্ষেত থেকে উদ্ধার হয় সীমাদেবীর দেহ। বড় মেয়ে মিঠু শীল ও বড় ভাই গোপাল দের অভিযোগ, তাদের ছোট ভাই রণজিৎ দে ও ভাইয়ের স্ত্রী নুপুর দে মায়ের কাছে টাকার দাবি করতো। টাকা না দিলেই মাকে মারধর করতো। এদিন টাকা দিতে অস্বীকার করায় মাকে খুনের হুমকি দেয় ছোট ভাই। টাকার জন্যই মাকে খুন করেছে বলে অভিযোগ।
যদিও খুনের কথা অস্বীকার করেছে ছেলে ও বৌমা। ধৃতদের শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

