বনগাঁয় সাংসারিক অশান্তির জেরে মাকে মারধর, গ্রেফতার ছেলে ও বউমা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জুন: সাংসারিক অশান্তির জেরে মাকে মারধর করার অভিযোগ উঠল ছেলে ও বৌমা’র বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলে ও বৌমাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার শেরপুর এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিষ্ণুপদ দাস ও তার স্ত্রী শুভলক্ষ্মী দাস। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ।

অভিযোগ, এদিন সকালে বাড়ির জল যাওয়ার ড্রেন নিয়ে শাশুড়ি বৌমার মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় হঠাৎই দুর্গা দাসের বড় বৌমা শুভলক্ষ্মী তার শাশুড়ির ওপরে হাতুড়ি নিয়ে চড়াও হয়। প্রচন্ড মারধর করে দুর্গাদেবীকে। লোহার হাতুড়ি দিয়ে দুর্গা দাসের বৌমা তার মাথায় আঘাত করে বলেও অভিযোগ। হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয়েছেন তিনি। তার দু’হাতে মারধরের চিহ্ন স্পষ্ট।

দুর্গা দাসের দাবি, শুধু বৌমা নয় ছেলেও তাকে মাঝেমধ্যে মারধর করে। স্থানীয়রা জানিয়েছেন, এটা নতুন কিছু নয়, দাস পরিবারে কমবেশি ঝগড়াঝাঁটি লেগেই থাকে। তবে আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *