অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৮ এপ্রিল: তাঁর চাকরির বিষয়টি বিশেষ ভাবে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী ক্যান্সারে আক্রান্ত চাকরি প্রার্থী সোমা দাসকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলশিক্ষা দফতরের সচিব। বৃহস্পতিবার বিকাশ ভবনে হাজির হন সোমা।
শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত সব নথিপত্র নিয়েই সোমা আসেন শিক্ষাসচিব মনীশ জৈনের সঙ্গে দেখা করতে। পরে সোমা এই প্রতিবেদককে জানান, “উনি আমার সমস্ত মেডিক্যাল রিপোর্ট দেখলেন। জেরক্স কপি নিলেন। আমাকে চিকিৎসার ব্যাপারে একটা চিঠিও লিখতে বললেন। বললেন, চাকরির ব্যাপারটা ওনার দেখার কথা নয়।”
অসুস্থ হওয়া সত্ত্বেও সোমাদেবী ধর্মতলায় অন্য চাকরি প্রার্থীদের সঙ্গে অবস্থান-বিক্ষোভ করছেন। তা দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহানুভূতির সঙ্গে তাঁর চাকরির ব্যবস্থা করার প্রস্তাব দেন। কিন্তু সোমা তাতে সম্মত হননি। তিনি নিয়োগে অনিয়ম নিয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় তাঁর বিষয়টি বিশেষ ভাবে দেখতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের জেরেই স্কুলশিক্ষা সচিবের এদিনের পদক্ষেপ।
সোমাদেবী বলেন, “এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-র নবম থেকে দ্বাদশের শিক্ষকপদের জন্য যে সব প্রার্থী আন্দোলন করছেন, আমি তাঁদের পাশে আছি। আমার একার চাকরির সুরাহা চাই না। চাই আন্দোলনরত সকলের সুরাহা হোক।”
ধর্মতলায় বিক্ষোভ মঞ্চে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার পরে সোমাদেবী সম্প্রতি তাঁর বীরভূমের নলহাটির বাড়িতে চলে যান। ওই প্রার্থী জানিয়েছেন, কিছু দিন বিশ্রাম নিয়ে তিনি বিক্ষোভ মঞ্চে ফিরবেন।

