বাইরে থেকে এসে বাংলার মাটিকে বাজেয়াপ্ত করতে চাইলে ঘাড় ধরে বাইরে পাঠিয়ে দেওয়ার হুঙ্কার সোহম চক্রবর্তীর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ নভেম্বর: বাইরে থেকে এসে বাংলার মাটিকে বাজেয়াপ্ত করলে, বাজে ভাবে তাকালে ঘাড় ধরে বাংলার বাইরে পাঠিয়ে দেব বলে হুঙ্কার দিলেন চলচ্চিত্র অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী।

আজ ওন্দায় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করে উপস্হিত জনতার উদ্দেশ্যে বলেন, বাংলার মাটিকে রক্ষা করতে হবে আমাদেরই।বাইরে থেকে এসে অনেকে বড় বড় কথা বলেন। কিন্তু বাংলার মাটিকে বাজেয়াপ্ত করার চেষ্টা হলে বাংলার বাইরে পাঠিয়ে দেব। আজ ওন্দায় যখন সোহম একথা বলছেন তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে পা রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাদা করে বৈঠকও করেছেন ।এদিনের সোহমের হুঙ্কার অমিত শাহ দের উদ্দেশ্য করেই বলে মনে করছেন রাজনৈতিক মহল।

উল্লেখ্য, মাত্র একদিন আগেই বিজেপি নেতা ও রাজ্যোর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওন্দায় এসে সভা করে যান। তার রেশ চুকতে না চুকতেই আজ তৃণমূল কংগ্রেসর প্রতিবাদ সভার মোড়কে শুভেন্দুর পাল্টা সভা বলেও মনে করছে অভিজ্ঞ মহল।

এদিনের সভায় সোহম শুভেন্দুর কড়া সমালোচনা করে বলেন, এবার একজন ভাল মাথার ডাক্তার দরকার।যিনি শুভেন্দু অধিকারীর মাথা পরীক্ষা করে দেখবেন। ডিসেম্বর মাসে কয়েকটি দিন উল্লেখ করে শুভেন্দু যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বলেন, ঐ দিন গুলিতে রাজ্যবাসী কি দেখলো? এছাড়াও নোট বন্দি, সরকারি টাকা গায়েব করে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন।পাশাপাশি নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এদিনের সভায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, বিধায়ক অলোক মুখার্জি, তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলাসভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র উপস্হিত ছিলেন‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *