আমাদের ভারত, ৩১ জুলাই: অসমের লাভ জেহাদে বিতর্ক তুঙ্গে উঠেছে। গত সোমবার রাজ্যের গোলঘাটে এক তরুণী ও তার মা-বাবার খুনের পর থেকে উত্তপ্ত হয়েছে এলাকা। এই ঘটনায় লাভ জেহাদের অভিযোগ উঠেছে। কিন্তু অসম কংগ্রেসের সভাপতি আবার মন্তব্য করেছেন লাভ জেহাদ মহাভারতেও ছিল। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, লাভ জেহাদের ফলে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। না হলে হিন্দু মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব ছিল।
অসম পুলিশের একটি অনুষ্ঠানে হিমন্ত বলেন, “লাভ জেহাদে জোরপূর্বক ধর্মান্তর সামাজিক অস্থিরতা তৈরি করছে। আমাদের দেখতে হবে মেয়েদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করা হচ্ছে কিনা। এই ধরনের বিয়ে তদন্তের আওতায় আনতে হবে।” তিনি আরো বলেন, একজন কাজি হিন্দু মুসলিম বিবাহের নিবন্ধন করতে পারেন না। একইভাবে একজন হিন্দু পুরোহিত আইনগতভাবে এই কাজ করতে পারেন না। যদি ভিন্ন ধর্মের ছেলে মেয়ে বিয়ে করতে চায় তাহলে তাদের উচিত বিশেষ বিবাহ আইনের অধীনে সেটা করা। ধর্মান্তরিত করা চলবে না। লাভ জেহাদের বিষয়ে রাজ্য পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছেন হিমন্ত।
গত সোমবার অসমে স্ত্রী শ্বশুর-শাশুড়িকে খুনের পর নয় মাসের ছেলেকে নিয়ে আত্মসমর্পণ করেছে নাজিবুর রহমান বোরা নামে এক যুবক। এই ঘটনায় লাভ জেহাদের অভিযোগ করেছেন হিমন্ত। কারণ নাজিবুর নিজের মুসলিম পরিচয় গোপন করে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু তরুণীকে বিয়ে করেছিল।
এদিকে অসম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা, মহাভারতের প্রসঙ্গ টেনে বলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিনীকে বিয়ে করতে চেয়েছিলেন তখন অর্জুন এসেছিলেন মহিলা ছদ্মবেশে। লাভ জেহাদ মহাভারতেও ছিল।
তার এই মন্তব্যের বিরোধীতা করেছেন হিমন্ত। তিনি বলেন, শ্রীকৃষ্ণ রুক্মিণীর প্রসঙ্গ এভাবে টেনে আনাটা নিন্দনীয়। এটা সনাতন ধর্ম বিরোধী। অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে ভগবানের তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, যদি কেউ অভিযোগ দায়ের করেন আমরা তাকে গ্রেফতার করতে বাধ্য হব।

