গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৮ ফেব্রুয়ারি: হুগলি জেলা পুলিশ ও আরামবাগ মহকুমা পুলিশের উদ্যোগে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সহযোগিতায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জারদের গঠনমূলক ভিডিও তৈরীর প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হলো বুধবার। এই অনুষ্ঠানে ১৮ বছর বা তার ঊর্ধ্ব প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

১ থেকে ২ মিনিট তৈরি ভিডিও গুলির বিষয়বস্তু ছিল, ডিজিটাল সিকিউরিটি ও সাইবার অপরাধ সচেতনতা, সবুজ আরামবাগ- পরিচ্ছন্ন আরামবাগ, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নাগরিক বা পথচারীরা কিভাবে সাহায্য করতে পারে, নারী সুরক্ষায় পুলিশের অগ্রাধিকার, আরামবাগ পুলিশের একদিন ও বিভিন্ন ভূমিকায় পুলিশ।
ব্যক্তি, ধর্ম, রাজনৈতিক দল, জাতি বা সমাজ সম্পর্কে কোনো মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল প্রতিযোগিতায়। প্রতিযোগীদের পাঠানো সেরা ২০টি রিল ভিডিও প্রদর্শিত হয়। শীর্ষ দশ বিজয়ীর জন্য নগদ পুরস্কার এবং সকল প্রতিযোগীকে সার্টিফিকেট দেওয়া হয় হুগলি জেলা ও আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে।

অনুষ্ঠানে হাজির ছিলেন হুগলি জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ আরোও অনেকে।
হুগলি জেলার পুলিশ সুপার কামনাশিস সেন জানান, আমরা জাজমেন্টে ছিলাম না। যারা শিক্ষক আছেন তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ১০১টা যে ভিডিও আছে তার মধ্যে সবাই পুরস্কার পায়নি। প্রতিযোগিতায় কেউ প্রথম হবে আবার কেউ দ্বিতীয় হবে, এটাই তো স্বাভাবিক। এই প্রথম বার এসে আমি খুবই খুশি হয়েছি।

