“এতদিনে দেশ সত্যিকারের স্বাধীন হল,” কেন এমন বললেন দিলীপ ঘোষ?

আমাদের ভারত, ২৯ মে: সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এতদিনে দেশ সত্যিকারের স্বাধীন হল। নয়া সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে বলতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন প্রসঙ্গে বলতে গিয়ে যে ২১ টি বিরোধী দল সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছিল তাদের কটাক্ষ করে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটা একটা ঐতিহাসিক দিন। ভগবান যাদের সুযোগ দিল এই মুহূর্তের সাক্ষী থাকার তাদের সৌভাগ্য। আর যারা এলেন না, তাদের দুর্ভাগ্য কারণ তারা, এমন দল থেকে নির্বাচিত, যে দল তাদের এই সুযোগ নিতে দিল না। আমাদের সৌভাগ্য, আমরা এই অমৃতকালে সাংসদ হয়েছি।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন, যাওয়ার ইচ্ছা নেই। পুরনো ভবন ভালো ছিল। এর পাল্টা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “ইচ্ছা নেই না। আসলে ভাগ্যে নেই। আপনারা এমন পার্টি করেন, যে পার্টি দেশের গৌরবের সাক্ষী থাকতে চায় না।” তাঁর দাবি, এমন পার্টিকে ব্যান করে দেওয়া উচিৎ।

তিনি আরও বলেন, পুরনো পার্লামেন্ট ভবনে জায়গা কম। বসার পরিসর ছোট। অনেক আগেই পরিবর্তন দরকার ছিল। কংগ্রেস আমলে স্পিকার মীরা কুমার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস নতুন কিছু করে না। তাঁর কথায়, সত্যিকারের দেশ স্বাধীন হল গতকাল। আমরা বৃটিশদের তৈরি ভবন থেকে দেশের তৈরি ভবনে পা রাখলাম।”

এদিন সাংবাদিকরা সিলেবাস থেকে মহম্মদ ইকবাল বাদ প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “উনিই পাকিস্থানের দাবি প্রথম তুলেছিলেন। দেশে বিভাজন রেখা তিনিই প্রথম টেনেছিলেন। ওকে বয়কট করা উচিৎ। ওর জন্য ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। দেশ ভাগ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। পাকিস্তান যে অনুন্নত দেশ, তার এটা একটা বড় কারণ। এই বিভাজনের জন্যই আজ পাকিস্তান ভিখারি হয়ে গেছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *