বাংলাদেশকে করিডর করে বিদেশী আগ্নেয়াস্ত্র পাচার ভারতে, মেড ইন ইটালি ও ইউএসএ’র অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার তপনের ভারত-বাংলাদেশ সীমান্তে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ মে: বাংলাদেশকে করিডর বানিয়ে বিদেশী আগ্নেয়াস্ত্র পাচার ভারতে। সীমান্তে উদ্ধার মেড ইন ইটালি ও আমেরিকার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত চারটি ম্যাগজিন সহ ৫৯ রাউন্ড কার্তুজ। সোমবার বাংলাদেশ সীমান্তে আগাছা পরিষ্কার করার সময় বিএসএফের হাতে আসে অত্যাধুনিক মানের দুটি পিস্তল সহ কার্তুজ গুলি। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপনের ভারত- বাংলাদেশ সীমান্তের এলেনপুর গ্রামের। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়।

কর্তব্যরত ১৬৪ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরাই উদ্ধার করেছে ওই অবৈধ সামগ্রীগুলি। এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু ব্যাঙ্কের কাগজপত্র। যেখানেই উঠে এসেছে কমল মন্ডল ও মহম্মদ শাকির শেখ নামে দুই ব্যক্তির নাম। এছাড়াও পাওয়া গিয়েছে ভারতীয় একটি সিমকার্ড। যদিও এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি বিএসএফ।

বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, সোমবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় আগাছা পরিস্কার করবার সময় কালো পলিথিনে মোড়ানো কিছু দেখতে পায় ১৬৪নং বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা। যে পলিথিনের ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ সেনা জওয়ানদের। পলিথিনে মোড়ানো ওই প্যাকেটের মধ্যে থেকে একটি মেড ইন ইটালি লেখা ও একটি মেড ইন ইউএসএ লেখা, দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যেখানেই পাওয়া যায় চারটি ম্যাগজিন ও ৫৯ রাউন্ড কার্তুজ।

শুধু তাই নয়, তার মধ্যে থাকা ব্যাঙ্কের রসিদ দেখে বিএসএফ জানতে পারে বাংলাদেশী ব্যাঙ্কে দুই ব্যক্তির নামে টাকা জমা করার বিষয়ও। যা থেকেই প্রাথমিক তদন্তে বিএসএফের অনুমান দক্ষিণ দিনাজপুরের তপনের এই সীমান্তকে কাজে লাগিয়েই চলছিল আগ্নেয়াস্ত্র পাচারের বড়সড় কারবার। বাংলাদেশ হয়েই বিদেশী ওইসব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চোরাপথেই ভারতে প্রবেশ করছে এমনটাই অনুমান বিএসএফের। যদিও এব্যাপারে তেমন ভাবে কিছুই বলতে চাননি বিএসএফ জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *