গুলি, বোমাবাজিতে অভ্যস্ত ভাটপাড়ার শ্যামনগরে নরকঙ্কাল উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৩০ আগস্ট: প্রায়দিনই বোমাবাজি এবং গুলিতে অভ্যস্ত ভাটপাড়া এলাকার মানুষ। এবার সেখানে দেখা মিলল নর-কঙ্কালের৷ ভাটপাড়া পৌর এলাকায় এই কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শ্যামনগরের গুড়দহে।সোমবার সকালে বাচ্চারা মাঠে খেলতে গিয়ে নর-কঙ্কাল দেখে রীতিমতো আঁতকে ওঠে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ৷

শ্যামনগরের একনম্বর গুড়দহ লিচুতলায় রয়েছে একটি কবরখানা। সেই কবরখানা সংলগ্ন পরিত্যক্ত একটি মাঠ রয়েছে। সোমবার সকালে বাচ্চারা ওই মাঠে খেলতে যায়। সেখানে তারা একটি কঙ্কাল দেখতে পায়। আতঙ্কে খেলা ছেড়ে যে যার বাড়ির দিকে দৌড় দেয়৷ তারা এলাকার বাসিন্দাদের ওই হাড়গোড় ও কঙ্কাল সম্পর্কে জানালে এলাকার বাসিন্দারা ছুটে যান ওই মাঠে।

এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় তৃণমূল নেত্রী অদিতি সরকার বলেন, “এই ঘটনাটি অত্যন্ত ভয়ানক বিষয়। মাঠে পাঁচিলের বেষ্টনী দেওয়ার ফলে বিভিন্ন অসামাজিক কাজ হয়। কোনও রক্ষণাবেক্ষণ হয় না দীর্ঘদিন ধরে। তবে এই কঙ্কাল দেখে আমরা আতঙ্কিত হয়ে গেছি। এই কঙ্কালের হাড়গোড়গুলো আসলে মানুষের কি না তা জানা দরকার। নাকি কোনও কোভিড রুগীর মৃত দেহ, না কেউ খুন হয়েছে। তাই এর ফরেনসিক তদন্তের দাবি করছি আমরা।”
এই ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *