সাত সকালে নকশালবাড়ি বাজারে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার নর কঙ্কাল

আমাদের ভারত, দার্জিলিং, ২০ আগস্ট: শনিবার সাত সকালে উদ্ধার হল নর কঙ্কাল। উদ্ধার হল নকশালবাড়ি বাজারের আবর্জনার স্তুপ থেকে। এদিন সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নকশালবাড়ি বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে মানুষের দেহাংশগুলি উদ্ধার করে নকশালবাড়ি থানার পুলিশ। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল বলেন, “সকালে এক ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় ওই কঙ্কালগুলি দেখতে পায়। এরপর স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে ডাকে। বাজারের মাঝে ওই কঙ্কাল উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।”

দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, “কঙ্কালগুলি উদ্ধার করা হয়েছে। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সব তদন্ত করে দেখা হচ্ছে।”

জানাগেছে, নকশালবাড়ির চৌরঙ্গি এলাকার একটি সোনার দোকানের পেছনে আবর্জনার স্তুপে আবর্জনা ফেলতে গিয়ে একটি বস্তার মধ্যে মানব দেহের কঙ্কাল প্রত্যক্ষ করেন জনৈক এক ব্যক্তি। এদিন নকশালবাড়িতে হাঁটবার থাকার কারণে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ এসে বস্তা খুলতেই দেখে দুটি মাথার খুলি সহ রয়েছে প্রচুর হাড়গোড়।

স্থানীয় বাসিন্দারা জানান, মাথার খুলি ও মানব দেহের হাড়গোড়গুলি বস্তার মধ্যে ভরা ছিল। এই ব্যস্ততম জায়গায় রাতের অন্ধকারে কে বা কারা ফেলে রেখে গিয়েছে বলে অনুমান তাঁদের। তবে পুলিশ সূত্রে জানা গেছে, দুটি খুলি ও হাড় গুলোর মধ্যে মার্কার দিয়ে লেখা রয়েছে নানান তথ্য। পুলিশের অনুমান কোনো মেডিকেল কলেজে পড়ানোর কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে দেহাংশগুলি। সেগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *