২৩ দিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তির বাঁশঝাড় থেকে কঙ্কালসার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ফুলিয়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ সেপ্টেম্বর: বাঁশ ঝাড়ের ভেতর থেকে ২৩ দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার লাল মাঠ ডাঙ্গাপাড়া এলাকার।

জানা গেছে, ওই এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাস(৫৭) গত ২৩ দিন আগে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। এর পরেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করলেও ওই ব্যক্তির সন্ধান না মেলায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে পরিবারের লোকজন। সোমবার বেলা একটা ত্রিশ নাগাদ ডাঙ্গাপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গিয়েছিল এলাকারই এক যুবক। সে লক্ষ্য করে বাঁশঝাড়ের নীচে কঙ্কাল অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন।

জানা যায় ওই ব্যক্তি যখন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তখন সে লুঙ্গি পরে ছিল আর একটা গামছা সাথে ছিল সেই দেখেই মৃতের পরিচয় জানতে পারে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে কঙ্কালসার মৃতদেহটি উদ্ধার করে। স্বভাবতই ২৩ দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি পরিবারে নেমে আসে শোকের ছায়া।

যদিও বিষয়টিকে কোনও রকম সন্দেহের চোখে দেখছে না পরিবারের লোকজন। পরিবারের দাবি, মাঝেমধ্যেই বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যেতেন কার্তিক বিশ্বাস। হয়তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাঁশঝাড়েই কোনও কারণে তার মৃত্যু হওয়ায় কেউ বুঝতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *