মেদিনীপুর কলেজ ও প্রাক্তনীদের যৌথ উদ্যোগে ষষ্ঠ বিডি ব্যানার্জি মেমোরিয়াল লেকচার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর: মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এবং মেদিনীপুর কলেজের প্রাক্তনীদের যৌথ উদ্যোগে আজ কলেজের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত হলো ষষ্ঠ বিডি ব্যানার্জি মেমোরিয়াল লেকচার।

কলেজের প্রাক্তন অধ্যক্ষ বঙ্কিম দাস ব্যানার্জির নামাঙ্কিত এই স্মারক বক্তৃতায় আজকের বক্তা ছিলেন ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের যুগ্ম প্রতিষ্ঠাতা ডঃ সুদীপ্ত শাসমল। সুদীপ্তবাবুকে স্বাগত জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্রী সত্যরঞ্জন ঘোষ। কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেমিনার অ্যান্ড এক্সটেনশন সাবকমিটির দুই আহ্বায়ক, পুলিশের প্রাক্তন ডেপুটি সুপারিন্টেনডেন্ট সব্যসাচী সেনগুপ্ত এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডঃ সুরজিত ঘোষ এই বার্ষিক স্মারক বক্তৃতা এবং আজকের বক্তার সম্বন্ধে উপস্থিত শ্রোতাদের অবহিত করেন।

বঙ্কিম দাস ব্যানার্জি সম্বন্ধে বলেন কলেজের আরেক প্রাক্তনী ডঃ অমল চক্রবর্তী। নিজের বক্তৃতায় সুদীপ্তবাবু কৃত্রিম স্যাটেলাইটের কাজ, ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে ভারত থেকে উৎক্ষেপিত স্যাটেলাইটের বিশেষত চন্দ্রযান থ্রি’র, কার্যকলাপ। পরিকল্পিত আদিত্য এল-ওয়ান এবং গগনযান মিশনের কথাও তার বক্তব্যে তিনি তুলে ধরেন।

সুদীপ্তবাবু জানান, ভারত সরকারের পরিকল্পিত কোদাইকানাল সোলার অবজার্ভেটরির এক ক্ষুদ্র সংস্করণ মেদিনীপুর কলেজে নির্মিত হবে। সভাশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের প্রাতঃবিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডঃ গৌতম ঘোষ। মহাকাশ গবেষণায় উৎসাহী ছাত্রছাত্রীদের বিপুল সংখ্যায় উপস্থিতি জানান দিল আজকের বক্তৃতার সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *