আমাদের ভারত, হাওড়া, ৬ জুন: রবিবার ভরদুপুরে আগুনে ভস্মীভূত হয়ে গেল ৬টি দোকান। জানাগেছে, রবিবার দুপুর ১টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কের সার্ভিস রোডে উলুবেড়িয়া বানীতলা হাজিপাড়া মোড়ে রাস্তার পাশে একটি দোকানে আগুন লাগে। দোকানটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা গোটা দোকান গ্রাস করে নেয়। এমনকি আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে দোকানগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকেই এই আগুন।

ঘটনা সম্পর্কে উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের কো অডিনেটর ইমানুর রহমান জানান, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ওভারহেডের তার পুড়ে ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে। তিনি জানান, আগুনে একটি চায়ের দোকান, একটি খাবারের দোকান, একটি সেলুনের পাশাপাশি ৩টি বৈদ্যুতিক সামগ্রীর দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।


