আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি:
গতকাল রাত ১.২৫টা নাগাদ হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার মছলন্দপুর রেল স্টেশন এলাকায়। স্টেশনের নিচে মজুদ আবর্জনায় কোনও ভাবে প্রথমে আগুন লাগে পরে সেই ভ্যাটের পাশের বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করছে দোকান মালিক থেকে দমকল কর্মীরা সকলেই।
আগুন লাগার পরেই স্টেশনমাস্টার মাইকে আশেপাশের লোকজনের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন এক নম্বর প্ল্যাটফর্মে আগুন লেগেছে। তাঁর আবেদনে ছুটে আসেন আশেপাশের লোকজন। স্টেশন বাজার এলাকায় রাত পাহারায় থাকা কর্মীদের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ ও রেলপুলিশের কর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। হাবড়া ও গোবরডাঙা থেকে দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে দমকল এসে যতক্ষণে আগুন নেভায়, ততক্ষণে ৬ টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। তবে সঠিক সময়ে দমকলকে খবর না দেওয়া গেলে আরো বহু দোকানের ক্ষতি হতে পারতো বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, দুটি চায়ের দোকান, দুটি ফলের দোকান, একটি রেডিমেট পোশাকের দোকান ও একটি বাদ্যযন্ত্রের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোকান ও দোকানে থাকা মালপত্র মিলিয়ে ক্ষতি হয়েছে অন্তত দু লক্ষাধিক টাকার। আগুন লাগার পরে রেলের তরফে হাইটেনশন লাইন সহ স্টেশনের ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই ঘটনায় আজ ভোরে বনগাঁ থেকে শিয়ালদহ গামী প্রথম ট্রেন নির্ধারিত সময়ের প্রায় কুড়ি মিনিট দেরিতে ছাড়া হয়। তবে রেলের তেমন কোনও ক্ষতি হয়নি বলেই জানা গেছে।

