ভয়াবহ পথ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু জয়নগরে, আহত বহু

আমাদের ভারত, জয়নগর, ২ আগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় জনের। একটি যাত্রী বোঝাই পিকআপ ভ্যান রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার সীমানা বাজার এলাকায়। ঘটনায় আহত হয়েছেন বহু। আহতদেরকে উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য।

অন্যদিকে বকুলতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুলতলা থানার রাধাবল্লভপুর, মল্লিকপুর এলাকা থেকে তামিলনাড়ুতে কাজের জন্য ২৭ জন শ্রমিক রাত্রি পৌনে বারোটা নাগাদ রওনা দিয়েছিলেন ঐ পিকআপ ভ্যানে চেপে। হাওড়া স্টেশান থেকে তাঁদের ট্রেন ধরার কথা ছিল। কিন্তু বকুলতলা থানার সীমানা বাজারের কাছে এসে ঘুরতে গিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়নগরের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আহতদের প্রায় সকলকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়।

ঘটনায় মৃত ব্যক্তিদের নাম রফিক শেখ (৭৫), হাসান শেখ (২০), বাবুরালি মিস্ত্রী (২৭), জামাল শেখ (২৭), সৈইদুল মোল্লা (৫৫)। এছাড়া আরও একজনের পরিচয় মেলেনি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেন এসডিপিও বারইপুর অভিষেক মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে বকুলতলা থানার পুলিশ। কিভাবে এই দূর্ঘটনা ঘটলো সেই তদন্তও শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *