“যেভাবে আমাদের তাড়ানো হয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে”এগরায় অমিত শাহের মঞ্চে শিশির অধিকারী উগরে দিলেন ক্ষোভ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ মার্চ: যেভাবে আমাদের তাড়ানো হয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কাঁথিতে অমিত শাহের সভায় কার্যত আক্ষেপের সুরে নিজের যন্ত্রণা উগরে দিলেন শিশির অধিকারী। অবশেষে জল্পনা সত্যি করেই রবিবার অমিত শাহের সভামঞ্চে অমিত শাহের পাশে দাঁড়ালেন শিশির অধিকারী। যদিও প্রথাগতভাবে অমিত শাহ’র হাত থেকে কোনও পতাকা নিয়ে তিনি বিজেপিতে যোগ দেননি। তবে মঞ্চ থেকে যা বললেন তাতে বিজেপিতে যোগদানের বার্তাকে সিলমোহর দিলেন তিনি।

বেশ কিছুদিন ধরেই ছেলে শুভেন্দু অধিকারীর পথে হেঁটেই বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা চলছিল। শিশির অধিকারীও জানিয়েছিলেন, ছেলে বললে তিনি বিজেপিতে যাবেন। শেষ পর্যন্ত অমিত শাহের সভামঞ্চে গিয়ে যোগ দেওয়ায় কার্যত তিনি বিজেপিকে ভোট দেওয়ার কথাই বললেন এবং কেন্দ্র রাজ্যে একই সরকার থাকলে সুবিধা হবে সে কথা তিনি জানান। এদিনের সভায় শিশির অধিকারী বলেন, যেভাবে আমাদের পরিবারকে নিগৃহীত করা হয়েছে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কেন্দ্রে ও রাজ্যে এক সরকার চাই। আমি আগেও আপনাদের পাশে ছিলাম এখনো পাশে আছি।
যদিও অধিকারী পরিবারের আরেক সদস্য তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর এদিন বিজেপি মঞ্চে থাকার আমন্ত্রণ থাকলেও তিনি এদিন মঞ্চে আসেননি। তবে অধিকারী পরিবারের দুই সাংসদ কিন্তু সাংসদ থেকে পদত্যাগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *