আমাদের ভারত, ১৪ মার্চ:ছেলে শুভেন্দু গেরুয়া শিবিরে আগেই যোগ দিয়েছেন। এবার বাবা শিশির অধিকারী কি করেন তার দিকে নজর রয়েছে গোটা রাজ্যের। শনিবার শিশির অধিকারী শান্তিকুঞ্জে আচমকাই গিয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আর তারপর থেকেই এই জল্পনা আর তুঙ্গে গিয়ে উঠেছে। রবিবার এই বিষয় নিয়ে এক সংবাদমাধ্যমে শিশির অধিকারী বলেছেন, ছেলে শুভেন্দু যদি বলে আগামী ২৪ মার্চ কাঁথির জনসভায় যাবেন তিনি।
এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদ আছেন শিশির অধিকারী। তবু খোলাখুলি শুভেন্দুকেই সমর্থন করেছেন তিনি। ছেলের তৃণমূল ত্যাগ প্রসঙ্গে তিনি আগেই বলেছেন শুভেন্দুকে চলে যেতে বাধ্য করা হয়েছে।
নন্দীগ্রামে যে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চান নিজে তা আগেই বলেছিলেন শুভেন্দু। বিজেপিও তাতেই সায় দিয়েছে। ফলে নন্দীগ্রামে মমতার সাথে সম্মুখ সমরে উপস্থিত এখন শুভেন্দু।
এই নিয়ে শিশির অধিকারী বলেছেন, শুভেন্দু নন্দীগ্রামের ছেলে মমতা নয়। শিশির অধিকারী আরোও বলেন, শুভেন্দু বিপদে রয়েছে। ওর পাশেই থাকতে চাই। বাবা হয়ে ছেলের পাশে থাকাটাই তো স্বাভাবিক।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়া শুধু একটা দুর্ঘটনা, এটা কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না বলে মনে করেছেন রাজ্যের এই বর্ষিয়ান নেতা।

