আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে এস আই আর’কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি উঠে এসেছে। এস আই আর- এর কাজে যুক্ত কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করলো সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডেকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত।
গত বছরের নভেম্বরে প্রথম সপ্তাহ থেকে রাজ্যে এস আই আর- এর প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন ইস্যুতে প্রথম থেকে নির্বাচন কমিশনকে নিশানা দেগেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। হেয়ারিং পর্ব শুরু হওয়ার পর বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি উঠে এসেছে। কোথাও বিডিও অফিসে গিয়ে ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে, কোথাও বিডিও অফিসে ঢুকে আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের বিধায়কেরও।
সুপ্রিম কোর্টে এই বিষয়গুলি তুলে ধরেছেন নির্বাচন কমিশন। হুমকি, হিংসা ও ভয় দেখিয়ে এসআইয়ের প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা হয়েছে বলে কমিশন দাবি করেছে। এস আই আর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ করেছে কমিশন। এরপরই সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে। তাকে ব্যক্তিগতভাবে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এইসব হয়েছে তা জানাতে বলা হয়েছে। এখন দেখার পীযুষ পান্ডে এর কী উত্তর দেন।
অন্যদিকে সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ই আর ও। ১৪ ফেব্রুয়ারির পরে আরো এক সপ্তাহ সময় দেওয়া হবে ই আর ও’দের, যাতে তারা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এস আই আর- এর ক্ষেত্রে বাধা বরদাস্ত করা হবে না বলে রাজ্যকে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। ডিজিকে শোকজ করার অর্থ রাজ্যের পুলিশ মন্ত্রীকেও কল করা।

