আমাদের ভারত, ৮ ডিসেম্বর: তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের জন্য আলাদা ঘরবাড়ি তৈরি করে দিয়েছিল। বর্তমানে বিপুল সংখ্যায় তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে। এ ঘটনা স্পষ্টভাবে বোঝায় যে অনুপ্রবেশকারীদের বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এসআইআর”। সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রাক্তন বিজেপি সভাপতি ও দলের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা।
তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক দল বহুবার দাবি করেছেন যে, অবৈধ অনুপ্রবেশ নাকি বিজেপির রচিত একটি মিথ্যা কাহিনি। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে—যাদের পূর্বে অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা হতো, তারা নিজেরাই এলাকা ত্যাগ করছে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছে।”
রাহুলবাবু জানান, “এদের বহুজন বলছে যে তাদের কাছে নাকি দুই দেশের পরিচয়পত্র রয়েছে এবং তারা এখন নিজেদের জন্মভূমিতে ফিরে যাচ্ছে। দীর্ঘ ৮ বছর এখানে অবস্থান করে তারা ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড পর্যন্ত সংগ্রহ করেছে।”

