আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মার্চ: বাঁকুড়া লোকসভা এলাকার অধীনে থাকা শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রাইপুর, তালডাংরা ও বাঁকুড়া বিধানসভা কেন্দ্রগুলিতে আগামী বিধানসভা নির্বাচন ভালো প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, জয়- পরাজয়ের চিত্রটাও বদলে যেতে পারে।
গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছটি কেন্দ্রের মধ্যে তিনটি যথা— শালতোড়া, ছাতনা ও বাঁকুড়া কেন্দ্রে বিজেপি এবং রাণীবাঁধ, রাইপুর ও তালডাংরা শাসক দল তৃণমূলের দখলে গিয়েছিল। এই ৬ কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রাইপুর, তালডাংরা ও বাঁকুড়ায় যথাক্রমে ৪১৪৫, ৭১৬৪, ৩৯৩৯, ১৯৩৯৮, ১২৩৭৭ ও ১৪৬৮ ভোটের। এই কেন্দ্রগুলিতে শতাংশ হিসাবে জয়ের ব্যবধান ছিল ২%, ৩.৭০ %, ১.৯০%, ১০.২০%, ৬.২০% ও ০.৭০% ভোটের।
জঙ্গলমহলের রাইপুরে জয়ের ব্যবধান ছিল সব থেকে বেশি। অন্যদিক তালডাংরার তৃণমূল বিধায়ক বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ায় সেখানে ২০২৪ সালে উপ নির্বাচন হলে তৃণমূল প্রার্থী ১৭.৮৮ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন। এই উপনির্বাচনে তালডাংরায় ৫.৯৮ শতাংশ ভোট বাড়ে শাসক দলের, আর বিজেপি প্রার্থীর ভোট কমে ৫.৭৬ শতাংশ। এই উপনির্বাচনে তালডাংরার বিজেপি নেতা ও কর্মীদের দাবি ছিল স্থানীয় প্রার্থীর। বিজেপি জেলা নেতৃত্ব বাঁকুড়া শহরের বাসিন্দা অন্যন্যা চক্রবর্তীকে প্রার্থী করেন। শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপি উভয়েরই দাবি, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে ৬টি কেন্দ্রেই তাদের প্রার্থীরা জয়ী হবেন।
তবে জেলা রাজনীতির ওয়াকিবহাল মহলের মতে এসআইআর-এর প্রভাব পড়বে এই ছয় কেন্দ্রেই। এসআইআর- এর পর জেলা নির্বাচন আধিকারিক যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে এই ৬ কেন্দ্রে যথাক্রমে ২৩৩২৭৯, ২৪০০৬২, ২৫৪৭০৩, ২২৩৭৭৯, ২৩৫৮৫৬ ও ২৬০৬৩৭ জন ভোটার রয়েছেন। গত ২০২১ বিধানসভা আবহে যে লিস্ট প্রকাশিত হয়েছিল তাতে যথাক্রমে ২২৪৪৯৫, ২৩২৮৯৪, ২৪৪৮৬০, ২১৬০৩২, ২২৫০৩২ ও ২৫৭৩৬১ ভোটার ছিল। এই দুই পরিসংখ্যান থেকে দেখা যায় যে শালতোড়া ছাড়া বাকি ৫ কেন্দ্রে ২০২১ সালের তুলনায় অনেক ভোটার কমেছে এবার।
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বক্তব্য, এসআই আর- এ যাদের নাম এখনও ভোটার লিস্টে ঢুকবে কিনা সে নিয়ে বিচারাধীন রয়েছে তার সংখ্যা কেন্দ্র পিছু এক হাজার ধরে নিলেও হাজার হাজার ভোটার কমেছে। তাই আগামী নির্বাচনে এই ঘটনার প্রভাব পড়া স্বাভাবিক। সেই কারণেই এসআইআর-এর প্রভাবে বাঁকুড়ায় নির্বাচনের ছবিটাই পাল্টে যেতে পারে বলে ধারণা দৃঢ় হচ্ছে।

