গান গেয়ে মঞ্চ মাতানোর সাথে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানালেন গায়ক ‘সুরজিৎ’

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ এপ্রিল: গান গেয়ে মঞ্চ মাতালেন সুরজিৎ। শুক্রবার রাতে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ঘুঁটিয়ায় আয়োজিত হয় বাসন্তী পুজো উপলক্ষ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যা। সেই অনুষ্ঠান মঞ্চে গান গেয়ে দর্শকদের মন জয় করলেন ‘ভূমি’ ব্যান্ডের ‘সুরজিৎ’। ঘুঁটিয়া গ্রামে প্রতি বছর আয়োজিত হয় বাসন্তী পুজো। সেই পুজোকে ঘিরে প্রায় পাঁচ থেকে ছয় দিন বিভিন্ন ছোটো পর্দা ও বড়ো পর্দার নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের নিয়ে আয়োজিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। করোনা অতিমারির আবহে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত হয়েছে পুজো এবং অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন ভিড় থাকলেও অধিকাংশের মুখে ছিল মাস্ক। বাসন্তী পুজোর শেষ দিন রাতে অনুষ্ঠান করতে আসেন ‘ভূমি’ ব্যান্ডের ‘সুরজিৎ’।

এদিন সেই অনুষ্ঠানে গান গেয়ে তিনি দর্শকদের মন জয় করে নেন। দেখতে আসা দর্শকদের মধ্যে প্রায় ১৭ কিলোমিটার দূর থেকে গোপীবল্লভপুর ২নং ব্লকের হাতিপাতা গ্রাম থেকে এসছেন মানস পাত্র। তাঁর কথায়, “ভূমি ব্যান্ড ও গায়ক সুরজিৎ আমার কাছে একটা আবেগ। ওনার গান শোনার জন্যই আমি ছুটে এসছি এখানে।” করোনা পরিস্থিতিতে এহেন অনুষ্ঠানে এসছেন ভয় নেই? প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভয় খুব একটা নেই, তাও সচেতন রয়েছি৷ মাস্ক পরে আছি। স্যানিটাইজারও সাথে এনেছি। তাছাড়া অধিকাংশ মানুষ প্রায় মাস্ক পরেই রয়েছেন।” যদিও অনুষ্ঠান মঞ্চ থেকে সুরজিৎ বার বার সকলকে সচেতন থাকার জন্য গানের মাধ্যমে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার আবেদন করেছেন সবাইকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *