কংগ্রেসে থাকার সময় যদি এতটা চিন্তা থাকতো! রাহুল গান্ধীকে জবাব দিলেন জ্যোতিরাদিত্য

আমাদের ভারত, ৯ মার্চ: একসময়ের তিনি কংগ্রেসের নেতা। এখন তিনি বিজেপির সাংসদ। সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন, বিজেপিতে যাওয়ার ফলে তাঁকে ব্যাকবেঞ্চার হয়ে থাকতে হবে। বরং কংগ্রেসে থাকলে তিনি একদিন মুখ্যমন্ত্রী হতেন। রাহুলের এই মন্তব্যের বেশ কড়া ও অভিমানী জবাব দিয়েছেন জ্যোতিরাদিত্য। তিনি বলেছেন, রাহুল গান্ধীর এখন আমাকে নিয়ে যত চিন্তা। আমি কংগ্রেসের থাকার সময় যদি তেমনটা থাকতো।

অভিমানেই একসময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের যুব শাখায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন ” ও যদি কংগ্রেসে থাকতো তাহলে একদিন মুখ্যমন্ত্রী হতো। অথচ বিজেপিতে গিয়ে পিছনের সারিতে চলে গেল। সিন্ধিয়ার সুযোগ ছিল কংগ্রেস কর্মীদের সঙ্গে কাজ করে সংগঠনকে আরো মজবুত করার। আমি ওকে বলেছিলাম তুমি একদিন মুখ্যমন্ত্রী হবে। কিন্তু ও অন্য পথ বেছে নিল।”এরপরে রাহুল গান্ধী আরও বলেন,” লিখে রাখুন ও কোনদিনই মুখ্যমন্ত্রী হতে পারবে না। তার জন্য ওকে এখানে ফিরে আসতে হবে।”

রাহুলের এই কটাক্ষের জবাব দিতে গিয়ে জ্যোতিরাদিত্য বলেন, “আমি মনে করি রাহুলের মন্তব্য নিয়ে কিছু বলার দরকার নেই। জীবনের সব কিছুরই একটা সময় থাকে। গত এক বছরে আমি অনেক উঁচু স্তরে পৌঁছে গেছি।” একইসঙ্গে তিনি বলেন,” রাহুল গান্ধী এখন আমাকে নিয়ে যত চিন্তা। আমি কংগ্রেসে থাকাকালীন যদি তেমনটা থাকতো”

প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ উনিশ বছর কংগ্রেসের থাকার পর গত বছর মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার সাথে একদল বিধায়কও বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে মধ্যপ্রদেশে কমল নাথ সরকার ক্ষমতা হারায়। বিজেপি ক্ষমতা দখল করে। রাজ্যের মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহান।

নতুন দল বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল হয়তো কোনো বড় পদে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেখা যাবে। কিন্তু রাজ্যসভার এই সাংসদ স্পষ্ট জানিয়েছেন তিনি কোনো প্রত্যাশা করছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *