আমাদের ভারত, ৯ জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সম্পূর্ণ সমর্থনের কথা জানান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে। শুধু তাই নয়৷ রাষ্ট্রপতি নির্বাচনের আগে সিকিমে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবারই দ্রৌপদী মুর্মুর সিকিম যাওয়ার কথা ছিল। কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তার ওই সফর পিছানো হয়েছে। আগামী ১১ জুলাই সিকিম সফরে যাবেন দ্রৌপদী মুর্মু।
ওই বিষয়ে প্রেম সিং গোলে বলেন, “অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করি। তাদের আত্মার শান্তির জন্য এদিন যজ্ঞ করেছি। পাশাপাশি আমরা এনডিএ জোটসঙ্গী। সেই জন্য দ্রৌপদী মুর্মুকে পূর্ণ সমর্থন করব।” পাশাপাশি, অমরনাথ যাত্রায় মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মৃতদের শান্তি কামনায় যজ্ঞ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়া ব্লকের লিউসিপাকড়ির পাহাড়ি মাতা মন্দিরে পুজোয় বসেন তিনি। প্রতি বছর ওই মন্দিরে নিজের রাজ্য ও রাজ্যবাসীর উন্নতির স্বার্থে পুজো করেন তিনি। এদিনও মায়ের মন্দিরে পুজোয় বসেন তিনি৷ অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ জন। এদিন মৃতদের আত্মার শান্তি কামনা করে যজ্ঞ করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, ফের দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সিকিমেও বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেজন্য সিকিমে অল্প কিছু বিধিনিষেধ জারি করেছে সিকিম সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “অন্যান্য রাজ্যে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, আমাদের রাজ্যে অনেক কম। সেজন্য আপাতত আমরা ফের মাস্ক ও সামাজিক দূরত্ব বিধি লাগু করেছি। যেহেতু এখন ভরা পর্যটনের মরশুম সেজন্য খুব বেশি বিধি নিষেধ লাগু করা হয়নি।”

