অসুস্থ মুকুল রায় ভর্তি এসএসকেএমে, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

রাজেন রায়, কলকাতা, ২ সেপ্টেম্বর: সদ্য পত্নীবিয়োগ হবার পর থেকেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না একদা দাপুটে তৃণমূল নেতা মুকুল রায়ের। বহুদিন ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন তিনি। কিন্তু ক্রমশ বাড়ছিল স্নায়ুর সমস্যা। শারীরিকভাবে অসুস্থতার মাত্রা সীমা ছাড়িয়ে হওয়ায় বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল তৃণমূল বিধায়ক মুকুল রায়কে।

জানা গিয়েছে, এমনিতে বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে মুকুল রায়ের। বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এদিন তাঁর হাসপাতালে চেক-আপ করতে যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শরীরে সোডিয়াম ও পটাসিয়ামের অভাব রয়েছে। এ ছাড়া এমনিতেই তিনি ডায়াবেটিসে আক্রান্ত, তাই কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য থাকছে না বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। বৃহস্পতিবার নিয়ম মেনেই শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষার পর তাঁকে হাসপাতালে রেখে চিকিত্‍সা করানোর কথা বলেন চিকিত্‍সকরা। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত এসএসকেএম হাসপাতালের উডবার্ন বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে, মেডিক্যাল বোর্ডের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট চিকিত্‍সক গৌতম গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *