জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ মার্চ: সোমবার সকালে লালগড় থেকে একটি অসুস্থ বাচ্চা হাতি উদ্ধার করে ঝাড়গ্রামে চিকিৎসার জন্য নিয়ে এসেছে বনদপ্তরের কর্মীরা। ঝাড়গ্রাম বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি অসুস্থ বাচ্চা হাতিকে লালগড় থানা এলাকার বামাল গ্রামের পাশে একটি জমিতে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তারাই লালগড় রেঞ্জ অফিসে খবর দেন। এরপর সেখানকার বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হস্তিশাবকটিকে উদ্ধার করে ঝাড়গ্রাম বনদপ্তরের অধীন মিনি চিড়িয়াখানায় নিয়ে আসেন। সেখানে বনদপ্তরের চিকিৎসকরা হস্তিশাবকটির চিকিৎসা শুরু করেছেন বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

