লোকসভা নির্বাচনে হারবে শুভেন্দু’, ভাইরাল অডিও ক্লিপে বিস্ফোরক সৌমিত্র

রাজেন রায়, কলকাতা, ২০ নভেম্বর: দলের জনপ্রিয়তা থাকলেও বরাবরই বিতর্কিত মন্তব্য করে প্রচারের আলো শুষে নেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর এই নিয়ে বঙ্গ বিজেপিতে অস্বস্তি নতুন নয়। তবে এবার ফাঁস হল এক অডিয়ো ক্লিপ, যেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। যদি বিজেপি তথা সৌমিত্র খাঁয়ের দাবি অডিওটি ভুয়ো। অপপ্রচারের লক্ষ্যে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে তিনটের বেশি আসন পাবে না বিজেপি। এমনকি তিনি নিজেও জিতবেন না। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে একটা আসনও জিততে পারবেন না শুভেন্দু অধিকারী। সদ্য বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া তিন সাংসদ ‘কোনও কাজের নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার প্রকাশ্যে এসেছে ওই অডিয়ো ক্লিপ, যেখানে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কথা বলছেন সৌমিত্র। বঙ্গ বিজেপির অবস্থা যে খুব একটা ভালো নয়, সেটাই তাঁদের আলোচনার মূল বিষয়। শুরুতেই তিনি দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মাত্র ৩টি আসন পাবে বিজেপি। এমনকি তাঁর নিজের আসন বিষ্ণুপুরে জেতার সম্ভাবনাও ৫০-৫০ বলে মনে করছেন তিনি। দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌমিত্রকে বলতে শোনা গিয়েছে, ‘ও বড় বড় কথা বলছে, নিজের ওয়ার্ডে হেরে বসে আছে।’ ‘শান্তনু ঠাকুর বাদে বাকি তিনজন মন্ত্রী কোনও কাজের নয়। নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছেন, এতে দলের কর্মীদের কিছু যায় আসে না, সুভাষ সরকারের ক্ষেত্রেও একই মন্তব্য করেছেন তিনি।

সাংসদ মনে করেন, দার্জিলিংয়ের একটি আসন ও উত্তরবঙ্গে ২-১টা আসন ছাড়া লোকসভায় আর আসন পাওয়ার সম্ভাবনা নেই। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে একটাও আসন দিতে পারবে না আর নিশীথ প্রামাণিক নিজের কেন্দ্রে ৫০ হাজার ভোটে হেরে যাবে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সম্পর্কে তিনি বলেন, ‘ভোটের ফলাফল বেরনোর পর ৮০ দিন হয়েছে, ও তো একদিনও রাস্তাতেই নামেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *