রায়গঞ্জ স্টেশনে রেক পয়েন্টের জায়গা পরিদর্শনে এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ আগস্ট: রেক পয়েন্টের জায়গা সহ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রায়গঞ্জ রেল স্টেশন পরিদর্শনে এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী। শুক্রবার রেক পয়েন্টের জায়গা পরিদর্শনে কাটিহারের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরীর সঙ্গে ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ রায়গঞ্জ রেলস্টেশন উন্নয়ন কমিটির সদস্যরা। পরে এই প্রতিনিধি দল একটি বৈঠকে বসেন। রেলওেয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়নের কিছু প্রস্তাব দেন। ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী সেই প্রস্তাবগুলো রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়ে দেন। এর পাশাপাশি ডিআরএম জানিয়ে দেন রেলওয়ে বোর্ডের নির্দেশ মতো ২৫ শতাংশ ট্রেনই চলাচল করবে। তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি দেখে পরবর্তীতে বেশী সংখ্যক ট্রেন চালানো হতে পারে বলে জানান তিনি।

কাটিহার-রাধিকাপুর রেললাইন ধরেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক পণ্য আমদানি রপ্তানি চলে। এই রেল পথের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন রায়গঞ্জ। বাংলাদেশের সাথে পণ্য আমদানি রপ্তানি সহ আন্তঃরাজ্য বাণিজ্যের জন্য প্রয়োজন রেক পয়েন্টের। সেই রেক পয়েন্ট রায়গঞ্জ স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় করা যায় কি না তা খতিয়ে দেখতে শুক্রবার রায়গঞ্জ স্টেশন পরিদর্শন করতে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিদের নিয়ে পরিদর্শন করেন ডিআরএম।

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, আমি
ডিআরএমের কাছে প্রস্তাব দিয়েছি রায়গঞ্জ থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনকে দমদমে একটি স্টপেজ দেওয়ার জন্য যাতে এখানকার মানুষ খুব সহজেই দমদমে নেমে অন্যান্য ট্রেন বা বাসে চেপে কিংবা ফ্লাইটে চেপে অন্যত্র দ্রুত যাতায়াত করতে পারেন। কেননা যেখানে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় সেই চিৎপুর স্টেশন থেকে অন্যত্র যাতায়াতে চরম অসুবিধার মুখে পড়তে হয় রেলযাত্রীদের। এর পাশাপাশি রায়গঞ্জ শহরে যানজট এড়ানোর জন্য রায়গঞ্জ স্টেশনে রেক পয়েন্টের পরিবর্তে বাঙাল বাড়িতে রেক পয়েন্ট করার প্রস্তাব দেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সাংসদ, বিধায়ক সহ সমস্ত বাণিজ্যিক সংগঠন এমনকি রায়গঞ্জবাসীর সমস্ত দাবিদাওয়া রেলওেয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানালেন রেলওেয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী। তিনি বলেন, রায়গঞ্জ রেলস্টেশন পরিদর্শনে আসেন মূলত রেক পয়েন্ট নির্মানের জন্য জায়গা দেখতে। এখানে জায়গা দেখার পাশাপাশি আরও দু’একটি স্টেশনেও রেক পয়েন্টের জন্য জায়গা দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *