রাজেন রায়, কলকাতা, ১ সেপ্টেম্বর: রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে একের পর এক মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছেন, এমন অভিযোগ আগেই ছিল শুভেন্দু অধিকারীর আইনজীবীর। তাঁর আরও দাবি ছিল, তাঁর বিরুদ্ধে চলা সব মামলা হয় খারিজ করা হোক, নয়তো তদন্তভার সিবিআই’য়ের হাতে তুলে দেওয়া হোক। তাঁর নিরাপত্তা ফেরানোর দাবিতেও আদালতে দায়ের হয়েছিল মামলা। এদিন সেই সংক্রান্ত একাধিক মামলায় শুভেন্দু অধিকারীর বিপক্ষে জোরালো সওয়াল করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
রাজ্য সরকারের অ্যাডভোকেট কিশোর দত্ত এ দিন আদালতে দাবি করেন, শুভেন্দু গ্রেফতারের ভয় পাচ্ছেন বলেই মামলাগুলি সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়েছেন। তবে এ দিনের শুনানি চলাকালীন বিচারপতিও স্বীকার করেন, অনেক ক্ষেত্রে শাসকশক্তি গ্রেফতারির ক্ষমতার অপব্যবহার করে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং শাস্তি দেবে আদালত, এই বিষয়টি মানুষকে বোঝাতে হবে। অ্যাডভোকেট জেনারেল বলেন, “আদালতের সামনে অর্ধসত্য তুলে ধরা হচ্ছে। অন্য কোনও রাজ্যে আছে বলে জানি না। কিন্তু এই রাজ্যে একজন বিরোধী দলনেতাকে একজন মন্ত্রীর সমান নিরাপত্তা দেওয়া হয়। রাজ্যের দাবি, মামলাকারী মনে করেন রাজ্য তাঁর বিরুদ্ধে। যার প্রথম কারণ, তাঁর নিরাপত্তা রাজ্য প্রত্যাহার করেছে। যেটা সত্য নয়। আসলে রাজ্য কোনও নিরাপত্তা প্রত্যাহার করেনি। যেই মুহূর্ত থেকে তিনি কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান, তখন থেকে স্বভাবতই রাজ্যের নিরাপত্তা বন্ধ হয়ে যায়।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, মামলাকারী আসলে গ্রেফতার হওয়ার ভয় পাচ্ছেন। তাই জন্যই তিনি মামলাগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া আবেদন করেছেন। এরপরই রাজ্য প্রশাসনের ভূমিকা ঠিক কী হওয়া উচিত সেটা মনে করিয়ে দেন বিচারপতি। ভবিষ্যতের মামলা কোন দিকে গড়ায়, সেটাই দেখার।

