‘কুরুচিকর অশ্লীল মন্তব্য ও ব্যঙ্গচিত্র’ পাঠানোর অভিযোগ, অভিষেককে তোপ শুভেন্দুর

আমাদের ভারত, ১৭ নভেম্বর: দু’দিন ধরে রাজ্যের বিরোধী দলনেতাকে মুঠোফোনে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার তাঁর আইনজীবী লিখিত অভিযোগ দাখিল করেছেন সাইবার ক্রাইমে। তিনশ’র ওপর ‘কুরুচিকর অশ্লীল মন্তব্য ও ব্যঙ্গচিত্র’ পাঠানোর অভিযোগ করা হয়েছে লিখিতভাবে।

সংল্লিষ্ট নম্বরগুলো দাখিল করে শুভেন্দুবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “তোলাবাজ ভাইপোর লুম্পেন র‍্যাকেট সক্রিয় হয়ে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে কয়েক শত কুরুচিকর অশ্লীল মন্তব্য ও ব্যঙ্গচিত্র পাঠিয়েছিল গত দু’দিন ধরে। ভাইপো শুধু দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করে বাংলার অর্থনীতিকে ধ্বংস করেই ক্ষান্ত হয়নি এবার বাংলার সংস্কৃতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে।

এই অপসংস্কৃতি বাংলায় আমদানি করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মান’কে নিচে নামিয়ে আনার প্রচেষ্টার বিরুদ্ধে আমি আজ সরব হলাম। আমার আইনজীবীর মাধ্যমে পশ্চিমবঙ্গের সাইবার অপরাধ বিভাগের আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করলাম।

আশা করবো ইউটিউবারদের বিরুদ্ধে এই বিভাগ যেভাবে সক্রিয় হয়, কোনো কোনো ক্ষেত্রে অতিসক্রিয়তার নিদর্শন পেশ করে, তেমন ভাবেই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। যে সকল ফোন নম্বর থেকে আমাকে এই নিম্ন রুচির আক্রমণ করা হয়েছে, সেই নম্বরগুলো প্রকাশ করলাম যাতে সাধারণ মানুষ এদের চিহ্নিতকরণ করতে পারেন।

আমার দৃঢ় বিশ্বাস যে পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমার উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হবে না এই বিষয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *