জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: কৃষকদের স্বার্থে বৃহস্পতিবার বিভিন্ন ব্লকে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেইমতো এদিন পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে ডেপুটেশন দিয়ে বিজেপির নেতা কর্মীরা অন্যান্য দাবি দাওয়া সহ কৃষকদের ঋণ মকুব, আলু, ধান সহ ফুল চাষে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার দাবি জানান।
সবংয়ের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়ার সময় বিজেপির কর্মীরা “কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও” স্লোগান তোলেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। সবং থানা এলাকা থেকে মিছিল করে সভামঞ্চে আসেন শুভেন্দু। এদিন ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার বলি এক বিজেপি কর্মীর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখার সময় কৃষকদের ক্ষতিপূরণ বিষয়ে শুভেন্দু অধিকারী এদিন সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী মানস ভুইঞা সহ মমতা বন্দোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। সবং, পিংলা, ডেবরা বন্যায় বানভাসী হয়েছিল।সেক্ষেত্রে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে একাধিক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। বিক্ষোভ মঞ্চে ছিলেন বিজেপি নেতা অমূল্য মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্যরা।

