রাজেন রায়, কলকাতা, ৩০ জুন: কিছুদিন আগে রাজ্যের নিরাপত্তা তুলে নেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার প্রেক্ষিতে এবার রাজ্যের কাছে জবাব তলব করল হাইকোর্ট।
রাজ্য সরকারের কাছে নিরাপত্তা ফেরানোর দাবি জানিয়ে এই মামলাটি দায়ের করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মামলায় তিনি প্রশ্ন করেন, দলত্যাগের পর কেন তাঁর নিরাপত্তা কেড়ে নিল রাজ্য সরকার? প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর একুশের নির্বাচন পেরিয়ে তিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা। বর্তমানে কেন্দ্রের তরফে দেওয়া জেড ক্যাটেগরির নিরাপত্তা পান তিনি।
এরপর গত মাসে রাজ্যে পুলিশের তরফে তাঁকে দেওয়া নিরাপত্তা তুলে নেওয়া হয়। এই বিষয়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তার ব্যাখ্যা চেয়ে পিটিশন দাখিল করেন শুভেন্দু অধিকারী। এরপরই ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর আজ শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে ডিজি’র কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই রাজ্য পুলিশের ডিজি’কে জমা দিতে হবে এই রিপোর্ট। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কিন্তু কেন্দ্রের নিরাপত্তা পেয়েও কেন রাজ্য সরকারের নিরাপত্তা দাবি করছেন শুভেন্দু অধিকারী? রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর চলতি মাসে কলকাতা হাইকোর্টে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার তাঁকে একজন পূর্ণমন্ত্রীর সমতুল নিরাপত্তা দেয়নি। সাংবিধানিক বিধি অনুযায়ী যা তাঁর প্রাপ্য। এখনও তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তার উপর নির্ভর করতে হচ্ছে। সেই কারণেই এমন দাবি করেছেন তিনি।

