শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে, চালক ছাড়া সবাই অক্ষত, ঘটনার তদন্তে পুলিশ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ আগস্ট: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় মারিশদায় আবার দুর্ঘটনার কবলে পড়ল। আটক লরি ও খালাসি,
তদন্তে পুলিশ।

প্রায় দু’মাসের কম সময়ের মধ্যে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে আবারও দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার বেতালিয়াতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির সঙ্গে দিঘা গামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায়। শুভেন্দু অধিকারী কনভয়ের গাড়িটির চালক গুরুতর জখম হন। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এর পাশাপাশি যায় কাঁথি থানার পুলিশ।

পণ্য বোঝাই লরির খালাসিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনা পর অবশ্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য একটি গাড়িতে করে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরাও (সিআরপিএফ) রওনা দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিল্প নগরী হলদিয়া থেকে প্লাস্টিক বোঝাই ১৪ চাকার ট্রাক ওড়িশার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক ধরে যাচ্ছিল পণ্যবোঝাই লরিটি। মারিশদা থানার বেতালিয়ার কাছে এলে পণ্য বোঝাই লরির সঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর কনভয়ের গাড়িটির চালক গুরুতর জখম হন। গাড়ির ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও গাড়িতে থাকা সমস্ত নিরাপত্তারক্ষী প্রাণে রক্ষা পান। অন্য একটি গাড়িতে করে নিরাপত্তারক্ষীরা রওনা দেন। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানার ওসি রাজু কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার পুলিশও।

মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন, “কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শুভেন্দু অধিকারীর গাড়ি সহ কনভয়টি নন্দকুমারের উদ্দেশ্যে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি প্লাস্টিক বোঝাই লরি আসছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। গাড়ির খালাসিকে আটক করা হয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত
জানাবো “।

দুর্ঘটনাগ্রস্থ লরির খালাসি বলেন, “আমরা হলদিয়া থেকে আসছিলাম। কনভয়ের গাড়িটি ডানদিকে এসে ধাক্কা মারে। খুব দ্রুত গতিতে এসে তোমাদের লরিতে ধাক্কা মারে। আমরা আহত হয়নি “।

যদিও দুর্ঘটনার পর কোনো অধিকারী পরিবারের সদস্য বা শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত জানান, “একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনার কবলে পড়ছে। প্রশাসনকে বলবো তদন্ত করতে। না জেনে বেশি কিছু মন্তব্য করবো না “।

প্রসঙ্গত, গত ১ জুলাই মারিশদায় হেনা পাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। একের পর এক দুর্ঘটনার কবলে পড়ায় রীতিমত রহস্য দানা বেঁধেছে। এর মধ্যে কোনো ইচ্ছাকৃত অন্তর্ঘাত মূলক ঘটনা আছে কিনা তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছে বিরোধী মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *