শুভেন্দু অধিকারীকে কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপসারণ করা হল

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ আগস্ট: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপসারণ করা হল। সোমবার কাঁথি সমবায় সমিতির সভা কক্ষে একটি সভা হয়। ইউনিয়নের ডিরেক্টরদের ভোটাভুটিতে শুভেন্দু অধিকারীকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এদিন বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়া বাকি ১৩ জন ডিরেক্টর উপস্থিত ছিলেন। বাকি একজন ডিরেক্টর ফোনে অপসারণের সম্মতি দেন বলে সমিতি সূত্রে জানাগেছে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কাঁথি মহকুমা সমবায় ইউনিয়নের সভাপতি পদে ছিলেন। গত ১৯ জুলাই সভাপতির পদ থেকে অপসারণের জন্য ১২ জন ডিরেক্টরের সম্মতি ক্রমে সমবায় আইন মেনে অনাস্থা আনা হয়েছিল। সেই সম্মতি ক্রমে সোমবার সমিতির সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক হরিসাধন অধিকারী জানান, সমবায় আইন মেনে ভোটাভুটিতে সভাপতির পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সমবায় ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত, কাঁথি মহাকুমা সমবায় ইউনিয়নের অধীনে ৯৫০টি সমবায় ব্যাঙ্ক ও সমিতি রয়েছে। এর মধ্যে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক, মুগবেড়িয়া সমবায় ব্যাঙ্ক ও বিদ্যাসাগর ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্ক ও সমিতি রয়েছে।

যদিও সভাপতির পদ থেকে অপসারিত হওয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতির পদ খুইয়ে দুই মেদিনীপুরে শুভেন্দুর ক্ষমতা ফের খর্ব হল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *