পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২০ মেদিনীপুর: শুভেন্দু অধিকারীকে হিন্দুত্ব নিয়ে আক্রমণ করলেন কুনাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দু অধিকারী হঠাৎ হিন্দু সেজেছে। সে এখন বড় হিন্দু। অথচ কিছুদিন আগে বিজেপিকে গালমন্দ করত। শুভেন্দুর হিন্দুত্বকে এইভাবে আক্রমণের পাশাপাশি গান গেয়েও শুভেন্দুর সমালোচনা করেন কুনাল ঘোষ। কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় শুভেন্দুকে আক্রমণ করেন কুনাল ঘোষ।
বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে হিন্দুত্বের বিষয়টি তুলে ধরেন এবং হিন্দুদের আগামী দিনের বিপদ সম্পর্কে সচেতন করেন। বিজেপির মধ্যে শুভেন্দু আজ হিন্দুত্ববাদী নেতা বলেই বেশি পরিচিত। তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে কেশিয়াড়িতে কুনাল ঘোষ বলেন, আমাদের দলের এক বেইমান বিশ্বাসঘাতক গদ্দার হঠাৎ হিন্দু হয়েছে, হঠাৎ হিন্দু সেজেছে, এখন সে বড় হিন্দু। অথচ, ২০ সাল পর্যন্ত বলেছে, বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদী হাটাও দেশ বাঁচাও। আর এখন ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে বিজেপির ঘরে বসে রয়েছে।
এছাড়াও তিনি গানের সুরে শুভেন্দুর নাম নিয়ে বলেন, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রোগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। এইভাবে আজ কেশিয়াড়ির প্রতিবাদ সভা থেকে দাঁড়িয়ে শুভেন্দু সেইসঙ্গে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কুনাল ঘোষ।

