পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৬ আগস্ট: শারীরিকভাবে আক্রান্ত হতে পারেন শুভেন্দু অধিকারী। আজ নিজেই এই আশঙ্কার কথা বলেন। খড়্গপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এই আশঙ্কার কথা প্রকাশ করেন।
তিনি বলেন, বেহালার একটি মিটিংয়ে মুখ্যমন্ত্রী আমার নাম না করে যেভাবে আমার বিরুদ্ধে বলেছেন, তাতেই আমি আশঙ্কা করছি আমি শারীরিকভাবে আক্রান্ত হতে পারি।
স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তিনি ন’কোটি মানুষকে রেশন দিচ্ছেন। এর পালটা জবাবে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় গরিব কল্যাণ যোজনা প্রকল্পের নাম ভাঙিয়ে তিনি রেশন দিচ্ছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের মাইনরিটি স্কলারশিপ’কে উৎকর্ষ বাংলা বলে চালাচ্ছেন।
আজ ১৬ আগস্ট খেলা দিবস পালন করছে তৃণমূল। এর তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, আজকের দিনে ১৯৪৬ সালে সুরাবর্দী খাঁ’র নেতৃত্বে কলকাতায় ১০ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল, যা দি গ্ৰেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। বর্তমান শাসকদল তারই সৌজন্যে এই খেলা দিবস পালন করছে।
১৫ আগস্ট পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে আজাদী কা অমৃত মহোৎসব পালনে তিরঙ্গা যাত্রায় পুলিশী বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দুকে। এই নিয়ে আগামী কাল হাইকোর্টে রাজ্যে পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং হলদিয়া মহকুমা পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা।
বিশ্ব হিন্দু পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে শহিদ পরিবারকে তিরঙ্গা পরিবার ঘোষণা করা হচ্ছে। সেই উপলক্ষে খড়্গপুর শহরের স্থানীয় বিধায়ক হিরণ্ময় চট্টপাধ্যায়ের অনুরোধে আজ খড়্গপুর শহরে শহিদ বাপ্পাদিত্য খুটিয়ার পরিবারকে তিরঙ্গা পরিবার হিসেবে ঘোষণাকরতে এবং বাপ্পাদিত্য-র মূর্তির আবরণ উন্মোচন করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিশ্ব হিন্দু পরিষদের সনাতনী সদস্য শুভেন্দু অধিকারী।

