নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুন: রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস নিয়ে অমিত শাহর কাছে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ঘরছাড়াদের নিয়ে পদক্ষেপের জন্য অমিত শাহর কাছে আর্জি জানান বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, গতকাল শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গতকাল রাতেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক সারেন তিনি। তারপর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের হিংসা নিয়ে দিল্লি অবগত। কীভাবে বিজেপি কর্মীরা প্রহৃত হচ্ছেন তা সবটাই জানে দিল্লি। এমনকি আমাকেও ফাঁসানোর যে চক্রান্ত করা হচ্ছে তাও অমিত শাহ জানেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তবে আমি তৃণমূলকে বলতে চাই, এইভাবে বেশিদিন রাজনীতি চলে না। যা করা হচ্ছে তা গণতন্ত্রের পক্ষে তা শুভ নয়। বিজেপি গণতান্ত্রিকভাবে তৃণমূলের সব হিংসা প্রতিহত করবে। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা রয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ঘর ছাড়াদের দ্রুত ঘরে ফেরাতে বিজেপি সবরকম চেষ্টা করবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

