কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পদ থেকে সরানো করা হলো শুভেন্দু অধিকারী’কে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ আগস্ট : শুভেন্দু অধিকারীকে বিভিন্ন পদ থেকে সরানোর প্রক্রিয়া অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায়। কাঁথি সমবায় ইউনিয়নের পর এবার কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পদ থেকে অপসারিত করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ কাঁথি শহরের পোস্ট অফিস সংলগ্ন কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের অফিসে বৈঠকে বসেছিলেন কন্টাই কো-অপারেটিভের ডিরেক্টররা৷ সেখানেই ভোটাভুটিতে ১৪ জন সদস্যের মধ্যে ১০ জন একযোগে শুভেন্দুর বিরুদ্ধে ভোট দেন৷ শুভেন্দু সহ বাকি চার সদস্য অবশ্য এদিনের বৈঠকে যোগ দেননি৷

আপাতত এই সমবায় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন ভাইস চেয়ারম্যান চিন্তামনি মণ্ডল৷ তিনি জানান, শীঘ্রই এবিষয়ে বৈঠক ডাকা হবে৷ সেখানে কো-অপারেটিভের চেয়ারম্যান কে হবেন, তা সর্বসম্মতিক্রমে ঠিক হবে৷ কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান বলেন, চার মাসের বেশি সময় ধরে শুভেন্দু ব্যাংকে আসছেন না, ফলে ব্যাংক ঋণ সহ বিভিন্ন কাজ আটকে গিয়েছে৷ সমস্যায় পড়ছেন গ্রাহকরা৷ তাই ডিরেক্টর অফ বোর্ডের বৈঠক থেকে ভোটাভুটির মাধ্যমে শুভেন্দুকে অপসারিত করা হল৷

এর আগে গত মাসে কাঁথি সমবায় সমিতির পদ থেকেও অপসারিত করা হয় শুভেন্দু অধিকারীকে৷ স্বাভাবিকভাবেই নিজের খাসতালুকে শুভেন্দুর এই অপসারণকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে৷ যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর৷ প্রসঙ্গত, এবিষয়ে মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত৷ তবুও শুভেন্দুর শেষ রক্ষা হল না বলেই ধারণা রাজনৈতিক মহলের৷

রাজ্যে পালা বদল হয়েছে ২০১১ সালে৷ পরের বছর অর্থাৎ ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কাঁথি মহকুমা সমবায় ইউনিয়নের সভাপতি পদে ছিলেন শুভেন্দু অধিকারী৷ একই সময় তিনি কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যানে পদে ছিলেন৷ কাঁথি সমবায়ের পর এবার কাঁথি কো-অপারেটিভ ব্যাংক থেকেও অপসারণের পর দুই মেদিনীপুরে শুভেন্দুর ক্ষমতা ফের খর্ব হল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *