জে মাহাতো, পূর্ব মেদিনীপুর, ১৯ জুলাই: বিজেপি এখনও ভোটে আশানুরূপ ফল না হওয়ার কারণ বিশ্লেষণ করেনি। কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন পরাজয়ের কারণ। তাঁর মতে, অতিরিক্ত আত্মতুষ্টির কারনে বিধানসভার ভোটে ভারতীয় জনতা পার্টির এই পরাজয় হয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে বিজেপি আয়োজিত এক সাংগঠনিক সভায় এই তাৎপর্যপূর্ন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর বলেন, অনেকেই ধরে নিয়েছিলেন রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ১৭০ থেকে ১৮০টি আসন পেয়ে যাবl খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমার জিতে যাবো, চন্ডীপুরটা হারলে হারুক। সোমবারের সাংগঠনিক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, এই আত্মতুষ্টির কারনেই আমাদের পরাজয় ঘটেছে। পাশাপাশি তাঁর আরো ঘোষণা এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কৃষ্ণনগর উত্তর আসন থেকে জিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এবং বিধানসভার পিএসসি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া প্রসঙ্গে বিতর্কিত মুকুল রায়কে নিয়েও চন্ডিপুরের সাংগঠনিক সভায় সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী।

