১৮ জন সদস্যকে দলে নিয়ে মালদা জেলা পরিষদ দখল করার দাবি জানালেন শুভেন্দু অধিকারী

নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ: মালদা জেলা পরিষদ দখলের পথে বিজেপি! সোমবার কলকাতার হেস্টিংসে বিজেপির দলীয় অফিসে মালদা জেলা পরিষদের ১৮ জন সদস্য বিজেপিতে যোগদান করেন। তারপরেই বিধানসভার আগে মালদা জেলা পরিষদ দখল হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী।

রবিবার থেকেই মালদা জেলা তৃণমূলে ফাটল ধরতে শুরু করে। গতকাল রাতে অমূল্য মাইতি সহ একাধিক তৃণমূল নেতা পদত্যাগ করেন। দলে ভাঙন আটকাতে সবরকম চেষ্টা করেন মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম নূর। বিদ্রোহীদের ফোন করে বোঝাবার চেষ্টা করেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দক্ষতায় তা সম্ভব হয়নি। রাতেই মালদা ত্যাগ করেন বিদ্রোহীরা। কলকাতায় সকলকেই নিয়ে আসেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী।

দুপুরে ১৮ জন জেলাপরিষদ সদস্যকে বিজেপির পতাকা হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি বলেন, মালদা জেলা পরিষদের মোট সদস্য ৩৬। তারমধ্যে আজ ১৮ জন এসেছেন। কয়েকজন নিদলের সমর্থন রয়েছে। খুব শীঘ্রই আমরা জেলা পরিষদ দখল করবো। যদিও শুভেন্দু অধিকারীর দাবিকে উড়িয়ে দিয়েছেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, জেলা পরিষদে তাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। তবে এর পক্ষে সংখ্যা তত্ত্বের কোনও যুক্তি দিতে পারেনি তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *