বাজারদর নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ১৬ মে: বাজারদর নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি টুইটে লিখেছেন, “যাঁরা সবসময় তেলের দাম নিয়ে চেঁচামেচি করে, অথচ নিজেরাই তেলের দাম কমায় না, তারাই আবার সব কিছুতে অন্যের দোষ দেখতে পায়। বাঙালির হেঁসেলে আজ আগুন লেগেছে, বাজারে শাক সবজি, মাছ মাংসের দাম শুনলে নাভিশ্বাস ওঠার জোগাড়।

আলু ৪০ পেরিয়েছে, মুরগির মাংস ৩০০ ছুঁই ছুঁই, টম্যাটো প্রায় ১০০টাকা কেজি। অন্যান্য সবজি ৫০টাকার আসেপাশে। প্রশাসনিক নজরদারির অভাব স্পষ্ট, টাস্ক ফোর্সের দেখা মেলে না বাজারে। ধরা বাঁধা উত্তর প্রস্তুত রয়েছে – জ্বালানী তেলের দাম। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়ছে। অথচ এ সবের ফলন আমাদের রাজ্যেই হয়। পরিবহন খরচের সঙ্গে দাম বৃদ্ধির সম্পর্ক নেই।

পরিবহন খরচের জন্যই যদি বাজার দর বেড়েছে, তবে পেঁয়াজের উৎপাদন স্থল মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের হুবলি, মধ্যপ্রদেশের ইন্দোরের সাথে পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলায় পেঁয়াজের দামের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে কি ভাবে? এই সব জায়গাতেই পেঁয়াজের দাম ২০-২৫ টাকার মধ্যেই প্রায়।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *