পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ডিসেম্বর: অভিষেক ব্যানার্জিকে হরিদাস পাল বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গতকাল সন্ধ্যায় খড়্গপুরে সাংসদ দিলীপ ঘোষ এর উদ্যোগে আয়োজিত একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন শুভেন্দু অধিকারী।
কাঁথিতে অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর উদ্যেশে বলেছিলেন শাসকদলে থাকাকালীন অনেক সুবিধা নিয়েছেন এখন তৃণমূলের বিরুদ্ধে বলছেন। সাংবাদিকরা এই ব্যাপারে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “কে হরিদাস পাল যে ওর কথার জবাব দিতে হবে?”
গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে দক্ষিণ পূর্ব রেলের শেরশা ময়দানে এমপি কাপ ২০২২ অনুষ্ঠিত হয়। সাংসদ দিলীপ ঘোষের তত্ত্বাবধানে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাঁর নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত সাতটি বিধানসভা থেকে সাতটি এবং ঝাড়গ্রাম জেলা থেকে একটি, মোট আটটি দলকে নিয়ে একদিনের দিন-রাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলায় ফাইনালে মুখোমুখি হয় খড়গপুর ও ঝাড়গ্রাম। যদিও ঝাড়গ্রাম ২ গোলে জয়লাভ করে। অনুষ্ঠান মঞ্চে দুটি দলকে পুরস্কৃত করেন মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু এদিন বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী মোদীজি খেলাধুলোয় সবসময় উৎসাহ দেন। তাঁর সুযোগ্য শিষ্য হিসাবে দিলীপদা সাংসদ হিসেবে এমন একটি সুন্দর এমপি কাপের আয়োজন করেছেন। আগামীদিনে এটা মহীরুহে পরিণত হবে।” তাঁকে বলতে শোনা যায়, ‘‘২০২৪ সালে আমরা বলব আবকি বার ৪০০ পার। তখন একইসঙ্গে বলব আবকি বার দিলীপদা ফির একবার।’’

