পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: সমস্ত জল্পনা উড়িয়ে ফের হাইকোর্টের নির্দেশে চন্দ্রকোনার ঝাকরায় হচ্ছে শুভেন্দু অধিকারীর সভা। বিজেপির তরফ থেকে সোমবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাকরা এলাকায় শুভেন্দু অধিকারীর একটি সভার আয়োজন করা হয়, কিন্তু গতকাল রাত থেকে জল্পনার সৃষ্টি হয় যে শেষ মুহূর্তেই পুলিশি অনুমোদন না মেলায় বাতিল করা হতে পারে সভা।
গতকাল রাত থেকেই সভা বাতিল নিয়ে দফায় দফায় জল্পনা চলে জেলাজুড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জল্পনা ওঠে শুভেন্দু অধিকারী অনুমতি না পেলেও সভায় আসবেন, কিন্তু সোমবার যত বেলা গড়িয়েছে ততই যেন হালকা হয়েছে বিজেপির সভা। পরে দেখা গেছে সভাস্থলে থাকা ব্যানার থেকে মাইক একের পর এক আয়োজন করা সমস্ত কিছু খুলে নিতে।
কিন্তু ফের সোমবার দুপুরে হাইকোর্ট থেকে আবারও এক নির্দেশিকা আসে যে শুভেন্দু অধিকারী শর্ত সাপেক্ষে চন্দ্রকোনার ঝাকরা এলাকায় সভা করতে পারবেন আর এই নির্দেশিকা আসার পরেই একপ্রকার খুশির মেজাজে ভেসে ওঠে বিজেপি কর্মীরা।

