আমাদের ভারত, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গে ফের যদি তৃণমূলকে ক্ষমতায় আনেন, তাহলে এটা পশ্চিমবঙ্গ নয় এটা বাংলাদেশ হয়ে যাবে। একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত,যিনি এখন তার প্রতিদ্বন্দ্বী সেই শুভেন্দু অধিকারী এভাবেই নির্বাচনে ময়দান থেকে তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগের তীর ছুড়লেন। এর আগে, তিনি বলেছিলেন তৃণমূলকে ফের ক্ষমতায় আনলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে। কিন্তু বুধবার কাঁথির সভাতে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে ফের যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ নয় এটা বাংলাদেশ হয়ে যাবে।
“বাংলা নিজের মেয়েকে চায়” এই স্লোগানেরও পাল্টা দিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে শুভেন্দু বলেন,”আপনাকে বাংলার ঘরের মেয়ে কেউ মনে করেন না, বাংলার মেয়েরা আপনাকে আপন ভাবে না, আপনি শুধুমাত্রই রোহিঙ্গাদের ফুফু আর অনুপ্রবেশকারীদের খালা। “জয় বাংলা” সহ তৃণমূলের অধিকাংশ স্লোগানে বাংলাদেশের বলেও উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, শ্যামাপ্রসাদের ভূমিকে বাংলাদেশ হতে দেবেন না। তোলাবাজ সরকার আর নয় আর নয় অন্যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন একসময়ের তৃণমূলের নেতা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়াইয়ে নেমে বিজেপির অন্য নেতাদের মতো মেরুকরণের রাজনীতিকেই অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরলেন।
সম্প্রতি বেহালার মুচি পাড়ায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, যদি তৃণমূল ফের ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে। এই কথাতে ক্ষুব্ধ হয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়ে তিনি টুইটে লিখেছিলেন, “কিন্তু আপনাদের মত বিজেপি ওয়ালাদের কথা অনুযায়ী ২০১৯ সালের আগস্ট মাসের পর থেকে কাশ্মীর স্বর্গ হয়ে গিয়েছে। তাহলে যদি পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যায় তাহলে ক্ষতি কি? বাঙালিরা কাশ্মীর কে ভালোবাসে। আরও বেশি সংখ্যায় কাশ্মীরে আসুন, যাতে আপনাকে ও আপনার বিশ্বাস ও নির্বোধের মতো মন্তব্যকে আমরা ক্ষমা করতে পারি।”

