আমাদের ভারত, ২০ নভেম্বর: আবারও রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্য সরকারের সংঘাত তীব্র আকার ধারণ করল। অমিত মিত্রকে চিঠি দিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা বললেন রাজ্যপাল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বিজিবিএস ও তার আর্থিক কর্মকাণ্ড নিয়েই রাজ্যের সঙ্গে রাজ্যপালের ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
রাজ্য অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে চিঠি দিয়ে রাজ্য সরকারের গত পাঁচ বছরের শিল্প সম্মেলনের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনখড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন রাজ্যপাল। শনিবার সকালে রাজ্যপাল টুইটারে লিখেছেন, “বাকপটু অমিত মিত্রের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিভ্রান্তির কারণে রাজ্যের উন্নয়নের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা প্রশ্নের মুখে পড়েছে। এ বিষয়ে তাঁর জবাব চেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা।
গত আগস্টে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে গত পাঁচটি শিল্প সম্মেলনে বিনিয়োগ প্রসঙ্গে বিশদ জানতে চেয়েছেন রাজ্যপাল। নভেম্বরের প্রথমে সেই চিঠি টুইটারে পোস্ট করে তিনি জানান যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কোনও জবাব তিনি পাননি।।
এরপর তিনি মমতাকে বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশের পরামর্শ দিয়েছিলেন। নবান্নে তরফের দাবি করা হয়েছে, পাঁচটি শিল্প সম্মেলনে মোট ১২ লক্ষ ৩৯ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। অমিত মিত্রকে পাঠানো চিঠিতে সরাসরি এই বিষয়েই তথ্য গোপনের অভিযোগ তুলেছেন রাজ্যপাল। চিঠিতে তিনি লিখেছন ২০১৬ সাল থেকে বিজিবিএস আয়োজন করতে কত টাকা খরচ করেছেন? কত বিনিয়োগে এনেছেন? কত কর্মসংস্থান তৈরি করেছেন? সে তথ্য কেন প্রকাশ্যে আনা হচ্ছে না?

