স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ ডিসেম্বর: সারের দোকানে ক্রেতা বিক্রেতার বচসা থেকে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। উত্তেজনা উত্তর দিনাজপুরের চোপড়ার মালিগাঁও বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মালিগাঁও বাজার এলাকায় একটি সারের দোকানে নকল সার কেনা বেচা নিয়ে এক ক্রেতার সাথে বচসা বাধে। ক্রেতা বিক্রেতার মধ্যে বচসা তীব্র হলে উভয়পক্ষের মারপিট শুরু হয়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এরপর পুলিশ চলে যেতেই এলাকায় একদল দুষ্কৃতি এসে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে বলে অভিযোগ। ঘটনায় বাজারের কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষদের অনেকেই গুলিবিদ্ধ হন।

এখনও পর্যন্ত চারজনকে চোপড়ার দলুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলে জানাগেছে। আবারও এলাকায় পুলিশ পৌছে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে দুষ্কৃতিদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।

