হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য

সুশান্ত ঘোষ, হাবড়া, ২১ জুলাই: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল হাবড়ায়। যদিও ঘটনায় গুলি গায়ে লাগেনি ওই তৃণমূল নেতার। পরিস্থিতি বুঝতে পেরে সরে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। মঙ্গলবার রাতের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

উত্তর ২৪ পরগনার হাবড়া থানার ঘোষপাড়া দু’নম্বর গ্রাম সেবা সংঘ স্কুলের সামনে স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকারকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রাজীব সরকারের বক্তব্য, ‘একুশে জুলাই উপলক্ষ্যে স্থানীয় কিছু বিজেপি কর্মী বুধবার তৃণমূলে যোগদান করবেন বলে সিদ্ধান্ত নেন। সেই কারণেই মঙ্গলবার রাতে গ্রাম সেবা সংঘের স্কুলের সামনে লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে একটি মিটিংয়ের আয়োজন করা হয়। ওই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। মিটিং চলাকালীন ফোন করার জন্য ঘর থেকে রাস্তায় বের হতেই দেখতে পাই, টুপি পরা এক যুবক মাঠের দিক থেকে আমার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই বন্দুক বের করে আমার দিকে তাক করতেই আমি মুহূর্তের মধ্যে লক্ষী বিশ্বাসের বাড়ির ভেতরে ঢুকে যাই। তখনই ওই দুষ্কৃতী গুলি চালায়। যদিও গুলি আমার গায়ে না লাগায় আমি কোনও ক্রমে বেঁচে যাই।’

রাজীব সরকারের আরও অভিযোগ, ‘এলাকার বেশ কিছু বিজেপি কর্মী, সমর্থক আমার হাত ধরে তৃণমূলে যোগ দিতে চাইছেন, এলাকায় তৃণমূলের শক্তি আমার হাত ধরে বাড়ছে, এটা কিছু নেতারা সহ্য করতে পারছে না। সম্ভবত সেই কারণে আমাকে টার্গেট করে আমার উপর এইভাবে আক্রমন চালানোর চেষ্টা হয়েছে।’ এই ঘটনাকে ঘিরে এদিন রাতে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *